চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) আর্থিক সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। ২০২৬ সালের প্রথমার্ধে প্রতিষ্ঠানটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৩৭ কোটি টাকা, যা ২০২৫ সালের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেশি।
এ সময়ে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৯৯ টাকায়। গত বছরের প্রথমার্ধে যা ছিল ২ দশমিক ৩৭ টাকা। পাশাপাশি আইডিএলসির বার্ষিক রিটার্ন অন ইক্যুইটি (আরওই) বেড়ে হয়েছে ১২ দশমিক ৩৬ শতাংশ এবং রিটার্ন অন অ্যাসেটস (আরওএ) দাঁড়িয়েছে ১ দশমিক ৫২ শতাংশে।
আইডিএলসি জানিয়েছে, আয় বৃদ্ধির পাশাপাশি সম্পদের মান (অ্যাসেট কোয়ালিটি) ধরে রাখতেও প্রতিষ্ঠানটি সফল হয়েছে। একক ভিত্তিতে প্রতিষ্ঠানটির গ্রাহক আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ৪৫৪ কোটি টাকা এবং ঋণ পোর্টফোলিও হয়েছে ১১ হাজার ৭৬০ কোটি টাকা।
চলতি বছরের প্রথমার্ধে আইডিএলসির খেলাপি ঋণের হার (এনপিএল) কমে ৪ দশমিক ৪৭ শতাংশে নেমে এসেছে, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ৪ দশমিক ৫৮ শতাংশ। একই সঙ্গে ১১২ শতাংশ এনপিএল প্রভিশন কভারেজ রেশিও বজায় রেখে ঝুঁকি ব্যবস্থাপনায় সতর্ক অবস্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।
আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম জামাল উদ্দিন বলেন, আর্থিক খাতে ফান্ডিং কস্ট নিয়ন্ত্রণ, সম্পদের মান বজায় রাখা এবং গ্রাহকের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সেবা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জের মধ্যেও শক্তিশালী ব্যালান্স শিট বজায় রাখা, গ্রাহক সম্পর্ক উন্নয়ন এবং সতর্কতার সঙ্গে ব্যবসা সম্প্রসারণে প্রতিষ্ঠানটি গুরুত্ব দিয়েছে।
২৮ জুলাই রাজধানীর গুলশানে আইডিএলসি করপোরেট হেড অফিসে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৩৭০তম সভায় ২০২৬ সালের প্রথমার্ধের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি 


























