পেরুর উত্তরাঞ্চলে একটি মিনিবাস সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে অন্তত ১৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) এই দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছে পেরুর সরকারি সংস্থাগুলো। খবর বার্তা সংস্থা এএফপির।
সান হুয়ান পৌরসভার প্রাতিষ্ঠানিক যোগাযোগ বিভাগের প্রধান রিকার্দো চিলন জানান, ‘একটি মিনিবাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় ১৪ জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।’
সান হুয়ান পৌরসভাটি পেরুর রাজধানী লিমা থেকে ৮০০ কিলোমিটার উত্তরে কাজামার্কা অঞ্চলে অবস্থিত।
রিকার্দো চিলন জানান, দুর্ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা পৌঁছেছেন এবং উদ্ধার কাজ শুরু করেছেন। নিহতদের মধ্যে মিনিবাসের চালক ও একটি শিশু রয়েছে। মিনিবাসটিতে সান হুয়ান জেলা থেকে সিউদাদ দে দিওস যাওয়ার পথে মোট ১৯ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
দমকল বিভাগের কর্মকর্তা এডসন রোমান সাংবাদিকদের জানান, এখনো সব মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি বলেন, ‘উদ্ধার অভিযান আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়েছে। মিনিবাসটি গভীর খাদে আটকে রয়েছে।’
পেরুতে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। এর প্রধান কারণ হিসেবে দুর্বল সড়ক অবকাঠামো, ট্রাফিক আইন প্রয়োগে ঘাটতি এবং অতিরিক্ত গতিতে গাড়ি চালানোকে দায়ী করা হয়।
সরকারি তথ্য অনুযায়ী, গত বছর পেরুতে সড়ক দুর্ঘটনায় ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
আন্তর্জাতিক ডেস্ক 


























