আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দুই সপ্তাহের সর্বনিম্ন স্তরে নেমে যাওয়ার পর আবার কিছুটা বাড়তে শুরু করেছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববাজারে মূল্যবান এই ধাতুর দাম আগের দিনের লোকসান কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে।
এখন সবার চোখ যুক্তরাষ্ট্রের নতুন তথ্যের দিকে। একই সঙ্গে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভ’-এর প্রধান কেভিন ওয়ারশ কী বক্তব্য দেন, সেদিকেও নজর রাখছেন ব্যবসায়ীরা। কারণ, এসব বিষয়ের ওপরই নির্ভর করছে আগামী দিনে স্বর্ণের দাম কমবে নাকি বাড়বে।
আজ দুপুরের দিকে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৫ শতাংশ বেড়ে ৪,০২১.৩৮ ডলারে উঠেছে। অথচ আজকের দিনের শুরুতেই দাম কমে এটি গত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। অন্যদিকে, আগামী আগস্টে সরবরাহের চুক্তি অনুযায়ী স্বর্ণের দাম ০.৬ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪,০২৯.২০ ডলার হয়েছে।
বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, মার্কিন ডলারের দাম কিছুটা কমে যাওয়ার কারণে স্বর্ণের বাজারে এই সুদিন ফিরে এসেছে। ডলারের দাম ০.২ শতাংশ কমে যাওয়ায় অন্য দেশের মুদ্রার ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা কিছুটা সস্তা হয়েছে, যার ফলে বাজারে স্বর্ণের চাহিদাও বেড়েছে।
এর আগের দিন অবশ্য স্বর্ণের বাজারে বড় ধাক্কা লেগেছিল। এক দিনেই স্বর্ণের দাম প্রায় ৩ শতাংশ পড়ে যায়, যা ছিল গত এক মাসের মধ্যে সবচেয়ে বড় দরপতন। মূলত ইরান ও আমেরিকার মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অনেক বেড়ে যায়।
হরমুজ প্রণালিতে হামলা এবং ইরানের ওপর মার্কিন নৌ অবরোধের কারণে তেলের দাম গত চার সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। তেলের দাম বাড়ায় বিশ্বজুড়ে জিনিসপত্রের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আজই যুক্তরাষ্ট্রের জুন মাসের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করা হবে। বাজার বিশেষজ্ঞদের মতে, মূল্যস্ফীতি যদি ৩.৮ শতাংশের বেশি হয়, তবে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক সুদের হার আরও বাড়িয়ে দিতে পারে। আর সুদের হার বাড়লে মানুষ স্বর্ণে বিনিয়োগ না করে ব্যাংকে টাকা রাখতে বেশি পছন্দ করে, কারণ স্বর্ণ থেকে সরাসরি কোনো সুদ পাওয়া যায় না। এতে স্বর্ণের দাম আবার কমে যেতে পারে।
স্বর্ণের পাশাপাশি আজ রুপার দাম ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৭.৯০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০.৬ শতাংশ বেড়ে ১,২৫৪.৫২ ডলারে বিক্রি হচ্ছে। তবে প্লাটিনামের দাম ০.৪ শতাংশ কমে ১,৫৯৯.৪৩ ডলারে নেমে এসেছে।
সূত্র: রয়টার্স।
অনলাইন ডেস্ক : 

























