বৈরী আবহাওয়ার মধ্যে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কক্সবাজারের কুতুবদিয়ায় একটি ফিশিং ট্রলার ডুবে পাঁচ জেলে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় ট্রলারে থাকা আরও সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে কুতুবদিয়া উপকূলের কাছাকাছি বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে। পরে বিকেলে ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় মৎস্যজীবীরা।
নিখোঁজ জেলেরা হলেন- কুতুবদিয়ার দক্ষিণ অমজাখালী এলাকার শামসুল আলমের ছেলে নাছির উদ্দীন (২০), পেকুয়ার মগনামা ইউনিয়নের কাগপাড়া এলাকার নাছির উদ্দীন (২১), আবুল কাশেমের ছেলে মো. করিম (২১), আবদুল মাবুদের ছেলে আইয়ুব মনির (২০) এবং কুতুবদিয়ার আলী আকবর ডেইল হায়দারপাড়া এলাকার কামাল (৪৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ অমজাখালী এলাকার নুরুল আবছারের মালিকানাধীন এফবি ফকিরা মসজিদ নামের ফিশিং ট্রলারটি ১২ জন মাঝি-মাল্লা নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। সোমবার ভোরে সাগর উত্তাল থাকায় বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।
কক্সবাজারে ট্রলারডুবিতে নিখোঁজ ৫ জেলে
কুতুবদিয়া মৎস্য ফেডারেশনের সভাপতি আবুল কালাম বলেন, ‘ট্রলারডুবির পর সাতজনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ পাঁচ জেলের সন্ধানে স্থানীয় জেলেরা সাগরে তল্লাশি চালাচ্ছেন। বিকেলে ডুবে যাওয়া ট্রলারের অবস্থান শনাক্ত করা হয়েছে।’
কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ বলেন, ‘নুরুল আবছারের মালিকানাধীন ট্রলারটি ১২ জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে গিয়েছিল। বৈরী আবহাওয়ার কারণে ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার পর সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।’
তিনি আরও জানান, নিখোঁজ পাঁচ জেলের ঘটনায় ট্রলারের মালিকের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
নিখোঁজ জেলেদের উদ্ধারে স্থানীয় জেলেদের পাশাপাশি সরকারি সংস্থা গুলোর সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।
অনলাইন ডেস্ক : 
























