বন্দরে মাদককারবারি নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তারে বাধা দেওয়ায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে ১৯নং ওয়ার্ডের শান্তিনগর এলাকার শীতলক্ষ্যা নদীর তীরে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের শিকার জুয়েল (৩৮) বন্দরের শান্তিনগর এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে।
এ ব্যাপারে নিহতের বড় ভাই সোহেল জানান, সম্প্রতি বন্দরের মদনগঞ্জ ও শান্তিনগর এলাকায় মাদককারবারি ও সন্ত্রাসী কর্মকাণ্ড ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। জুয়েল স্থানীয় মাদককারবারি গেসু, ডিস দুলাল এবং মদনগঞ্জ সৈয়াল বাড়ি ঘাট এলাকার সীমান্ত, ফাহিম, আকাশ ও আশিক গংদের মাদককারবারিতে বাধা প্রদান করে। এ নিয়ে জুয়েলের সঙ্গে তাদের বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধের জেরে আজ বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে জুয়েলকে কুপিয়ে হত্যা করে তারা পালিয়ে যায়। তিনি প্রশাসনের কাছে তার ছোট ভাই জুয়েল হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফউদ্দিন জানান, মাদককারবারি নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জুয়েলের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের একাধিক টিম হত্যাকারীদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অনলাইন ডেস্ক : 



























