রংপুরে কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি র্যাবের অভিযানে গ্রেফতার।
র্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।
রংপুরের মিঠাপুকুরে নিজ বাড়ী থেকে কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামি মোঃ হাসান মিয়া (৩০) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)। গতকাল ০৮ জুলাই রাতে অভিযান চালিয়ে মিঠাপুকুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভূক্তভোগী ওই কিশোরী তার পরিবারের দেখাশোনা করে। গত ২৭ জুন, ২০২৬ তারিখ রাত ১১.৩০ ঘটিকার সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে নিজ বাড়ির বাইরে বের হলে ভুক্তভোগী কিশোরী নিখোঁজ হয়। কিশোরীর পরিবার অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। গত ২৮ জুন, ২০২৬ তারিখ রাত অনুমান ০৮.০০ ঘটিকার দিকে কিশোরীর নানার বাড়িতে তাকে পাওয়া যায়। পরিবারের জিজ্ঞাসাবাদে ভূক্তভোগী কিশোরী জানায়, সেদিন রাতে বাড়ির বাইরে বের হলে আসামি হাসান মিয়া তার ২/৩ জন সহযোগী নিয়ে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। গত ২৮ জুন, ২০২৬ সন্ধ্যা ০৭.০০ টার দিকে আসামি হাসান ভূক্তভোগী কিশোরীকে মিঠাপুকুরের জায়গীরহাট বাসস্ট্যান্ডে রেখে গেলে সে তার নানার বাড়িতে যায়।
এই ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে গত ০৫ জুলাই,২০২৬ তারিখ মিঠাপুকুর থানায় তার মেয়েকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন (মামলা নং-১৩)। ঘটনার পর থেকেই প্রধান আসামি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।
মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারে র্যাব-১৩ কর্তৃক গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায়, ০৮ জুলাই, ২০২৬ তারিখ রাত ১০.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি আভিযানিক দল মিঠাপুকুর থানার গড়েরমাথা এলাকায় অভিযান পরিচালনা করে রংপুর জেলার মিঠাপুকুর থানার কিশোরী অপহরণ করে ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ হাসান মিয়া (৩০), পিতা- মোঃ আঃ ছালাম ভোলা, সাং-জালালপুর পূর্ব পাড়া, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণের মতো মারাত্মক অপরাধ দমনে র্যাবের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
প্রেস বিজ্ঞপ্তি 





























