খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে “উপজেলা পর্যায়ে জীববৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি” গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৭ ডিসেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে “Biodiversity Ecosystems Restoration for Community Resilience (BERCR) in CHT” এবং “Ecosystems Restoration and Resilient Development in Chittagong Hill Tracts” প্রকল্পের আওতায়, যা যৌথভাবে বাস্তবায়ন করছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)।
সভায়, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থার প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয় পর্যায়ের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বনজ সম্পদ সুরক্ষা, পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
আলোচনা শেষে জীববৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠনের প্রাথমিক খসড়া অনুমোদন করা হয় এবং কমিটির ভবিষ্যৎ কার্যক্রমে অগ্রাধিকারমূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।
স্থানীয় প্রশাসন আশা করছে, কমিটি কার্যক্রম শুরু করলে উপজেলা পর্যায়ে পরিবেশ সংরক্ষণ আরও জোরদার হবে এবং জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর পদক্ষেপ বাস্তবায়িত হবে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
সাইদুর রহমান,মহালছড়ি প্রতিনিধি: 
































