আইনে পোস্টাল ব্যালটের নিয়ম থাকলেও বছরের পর বছর বিদেশ থেকে আসেনি একটি ভোটও। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোটাধিকার চর্চার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। শুধু প্রবাসীরাই নয়, আইনি হেফাজতে থাকা ব্যক্তি, নির্বাচন সংশ্লিষ্ট এবং সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ডাকযোগে ভোট দিতে পারবেন এবার।
পোস্টাল ব্যালটে ভোট ও গণভোটের জন্য নিবন্ধনের সময় শেষ হলো গত ৫ জানুয়ারি। নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন। এর মধ্যে দেশের ভেতরে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন। প্রবাসী ভোটারের সংখ্যা ৭ লাখ ৭২ হাজার ৫৪২।
পোস্টাল ব্যালটে ভোট দিতে ১২৩টি দেশে থাকা প্রবাসীরা নিবন্ধন করেছেন। যার মধ্যে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন।
এরইমধ্যে গণভোট ও সংসদ নির্বাচনের ব্যালট পেপার ভোটারদের কাছে পাঠানো শুরু হয়েছে। প্রতীক বরাদ্দের পর ডাকযোগে ভোট পাঠাতে পারবেন প্রবাসীরা।
কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম বিভাগে পোস্টাল ভোটারের সংখ্যা বেশি। বিশেষ করে ফেনী-১, ২ ও ৩; চট্টগ্রাম-১৫, কুমিল্লা-৫, ৬ ও ১১; নোয়াখালী-১ ও ৩ এবং সিলেট-১ আসনসহ ১৮টি জেলায় ভোটার সংখ্যা ১০ হাজারের উপরে। যেসব আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেখানে জয়-পরাজয়ে ভূমিকা রাখবে এই পোস্টাল ভোটই, তা মনে করছেন বিশেষজ্ঞরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী মো. মাহবুবুর রহমান বলেছেন, কোনো কোনো সময় তো আমরা এ রকম দেখেছি, অল্প কয়েকটা বা এক ভোটেও ব্যবধান নির্ধারিত হয়েছে। এ সকল ক্ষেত্রে পোস্টাল ভোট নিয়ে প্রশ্ন আসবে। কোনো এলাকার রাজনীতি যেভাবে প্রবাসী ভোটারদেরকে মোটিভেট করবে, ভোটগুলো সেভাবে পড়বে। এইটার ফলে দেখা যাবে রাজনৈতিক দল যারা বিদেশে মনোযোগ কম দেবে, প্রবাসে মনোযোগ কম দেবে, তারা দেখবে যে এখানে (দেশে) অনেক কাজ করেছে, হয়তো ৫, ২ বা ১ হাজার ভোটে হেরে গেছে। এইটা কিন্তু খুব চিন্তার বিষয়।
পোস্টাল ভোটে কারচুপির শঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। তাই পোস্টাল ব্যালট গণনা প্রক্রিয়ায় নজর দেয়ার পরামর্শ তাদের।
ড. কাজী মো. মাহবুবুর রহমান বললেন, যে সকল আসনে দুই প্রার্থী খুবই শক্তিশালী, সেখানে কিন্তু প্রার্থীরা কোনো না কোনো প্রক্রিয়া বের করতে পারে কীভাবে পোস্টাল ভোটটাকে নষ্ট করা যায়। ইসিকে এ জায়গায় সিরিয়াস থাকতে হবে।
নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলি বলেন, প্রত্যেক রিটার্নিং কর্মকর্তাকে বলতে হবে, তিনি কতগুলো ব্যালেট পেপার ইস্যু করেছিলেন, কতগুলো ব্যালেট পেপার এসে পৌঁছেছে; গণনা করতে হবে ইসির নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে, না হলে তো প্রশ্ন উঠবেই।
এর আগেও ‘২৪-এর নির্বাচনে পোস্টাল ব্যালট উৎসাহিত করতে এ প্রক্রিয়ায় ভোট দিয়েছিলেন রাষ্ট্রপতি। তবে পদ্ধতিগত ঝামেলায় কাজে আসেনি সেই উদ্যোগ।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
অনলাইন ডেস্ক : 



























