বলিউডের অন্যতম আলোচিত সিনেমা ‘কাভি খুশি কাভি গাম’। ২০০১ সালে মুক্তি পেলেও আজও বলিউডের অন্যতম জনপ্রিয় পারিবারিক সিনেমা।
শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন, কারিনা কাপুর, অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের অভিনীত এই সিনেমা পরিবার, আবেগ ও সম্পর্কের গল্প বলে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। এত বছর পরেও এর গান, সংলাপ ও চরিত্রগুলোকে সমানভাবে মনে রাখা হয়।
সেই কারণেই ‘কাভি খুশি কাভি গাম’-এর নাম শুনলেই দর্শকদের উত্তেজনা বেড়ে যায়।
এবার সেই উত্তেজনাই আরও বাড়াল একটি নতুন খবর। শোনা যাচ্ছে, পরিচালক করণ জোহর নাকি ‘কাভি খুশি কাভি গাম ২’ নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র সাফল্যের পর করণ আবার ফিরতে চলেছেন পারিবারিক ড্রামার জগতে।
সূত্রের দাবি, এটি হতে পারে তার সবচেয়ে বড় মাপের সিনেমা।
প্রতিবেদনে বলা হয়েছে, করণ ইতোমধ্যেই তার পরবর্তী সিনেমার চিত্রনাট্য চূড়ান্ত করেছেন। শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ২০২৬ সালের শেষের দিকে, আর তার আগে মাঝামাঝি সময়ে শুরু হবে প্রি-প্রোডাকশনের কাজ। সিনেমাতে থাকবে পরিবারকেন্দ্রিক গল্প, প্রেম এবং আবেগের ছোঁয়া।
ঠিক যেমনটা ছিল ‘কাভি খুশি কাভি গাম’-এর ক্ষেত্রে।
নতুন এই সিনেমাটির অভিনয়শিল্পী কাস্টিং নিয়েও জল্পনা শুরু হয়েছে। জানা যাচ্ছে, এখানে থাকতে পারেন দু’জন নায়ক ও দু’জন নায়িকা। খুব শিগগিরই নাকি অভিনয়শিল্পী বাছাইয়ের কাজ শুরু হবে।
তবে এখনই সিনেমার নাম নিয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
‘কাভি খুশি কাভি গাম ২’ নামটি শুধু জল্পনার পর্যায়েই রয়েছে। তবুও দর্শকদের আশা, যদি সত্যিই এই সিনেমা তৈরি হয়, তবে সেটি আগেরটির মতোই পরিবার ও আবেগের গল্প নিয়ে বড় পর্দায় ম্যাজিক তৈরি করবে।
করণের শেষ পরিচালিত সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। সিনেমাটি দর্শক ও সমালোচক, দু’পক্ষেরই প্রশংসা কুড়িয়েছে।
দীর্ঘ ক্যারিয়ারে করণ বারবার প্রমাণ করেছেন, আবেগঘন পারিবারিক গল্প বড় পর্দায় ফুটিয়ে তুলতে তার জুড়ি মেলা ভার। ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, থেকে শুরু করে সাম্প্রতিক ‘রকি অউর রানি কি প্রেম কহানি’, প্রতিটি সিনেমাতেই সম্পর্ক, পরিবার, ভালোবাসা আর সামাজিক মূল্যবোধকে নতুনভাবে তুলে ধরেছেন তিনি।
সময়ের সঙ্গে তার গল্প বলার ধরন বদলালেও আবেগের গভীরতা বরাবরই অটুট থেকেছে। সেই কারণেই দর্শকরা আজও করণের সিনেমার দিকে আশা নিয়ে তাকিয়ে থাকেন। ‘কাভি খুশি কাভি গাম’-এর সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের নস্টালজিয়া। তাই তার পরবর্তী সিনেমা নিয়ে দর্শকদের উন্মাদনা তৈরি হওয়াটাই স্বাভাবিক।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
বিনোদন ডেস্ক 
































