আষাঢ়ের শেষ সময়ে এসে রাজধানীতে গভীর রাত থেকে যে বৃষ্টি ঝরছে, তা বিরামহীন চলছেই। বৃষ্টিতে রাজধানীর বিভিন্নস্থানে প্রধান সড়কসহ অলিগলি ডুবে গেছে। তাতে দুর্ভোগে পড়েছে পথে বের হওয়া নগরবাসী।
রবিবার (১২ জুলাই) সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকায় ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ করা হয়েছে। এই হিসাবে রাজধানীতে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩ ঘণ্টায় ৩৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
যাত্রাবাড়ী, কুতুবখালী, শনির আখরা ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বেলা সাড়ে ১১টার দিকেও পানির নিচে তলিয়ে ছিল।
দৈনিক বাংলা মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত সড়কে পানি দেখা গেছে। পুরানা পল্টন কালভার্ট রোড হাঁটু পানি জমে আছে। ওই এলাকার ছোট ছোট দোকানে রাস্তার পানি ঢুকেছে।
শাপলা চত্বর থেকে টিকাটুলি মোড় পর্যন্ত সড়কেও পানি আছে। আরামবাগ ও ফকিরাপুল এলাকার অলিগলি তলিয়েছে পানিতে। দিলকুশা ও মতিঝিল বাণিজ্যিক এলাকায় রাস্তায় যানজট ছিল। এতে অফিসমুখী যাত্রীদের কর্মস্থলে পৌঁছাতে বিপাকে পড়তে হয়।
শান্তিনগর, রাজারবাগ, নয়পল্টনের মূল সড়ক ঘুরে প্রায় হাঁটুপানি দেখা গেছে। কাকরাইলের অলিগলিতেও পানি জমে আছে।
রাজধানীর খিলক্ষেত থেকে লেকসিটি পর্যন্ত সড়কও হাটুর কাছাকাছি পানিতে ডুবে ছিল। লেকসিটি ওই এলাকা থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক মো. ওয়ালিউল্লাহ বলেন, “খিলক্ষেত থেকে লেকসিটি পর্যন্ত রিকশা ভাড়া ৩০ টাকা করে। কয়েকজন মিলে গেলে ১০-২০ টাকা করে নেয়। পুরো রাস্তায় হাঁটুর কাছাকাছি পানি থাকায় কয়েকজন মিলে চড়লেও প্রত্যেকের থেকে ১০০ টাকা রিক্সায় ভাড়া নিচ্ছে।
“অতিরিক্ত যান হিসেবে ভ্যান চলাচল করতে দেখা যায়। তারা ভাড়া নিচ্ছে প্রত্যেকের থেকে ৫০ টাকা। দূর যাতায়াতের জন্য খুঁজলেও সিএনজি মেলেনি।”
মেট্রোরেল স্বাভাবিকভাবে চলেছে। তবে যাত্রীর চাপ বেশি ছিল। সচিবালয় ও মতিঝিল স্টেশনে বৃষ্টির সময় কর্মজীবী মানুষের ভির ছিল।
সড়কে এদিন ব্যাটারিচালিত রিকশা এবং মোটরসাইকেল তেমন একটা দেখা যায়নি। গণপরিবহনে ভিড় স্বাভাবিকদিনের চেয়েও বেশি।
স্কুলে পরীক্ষা স্থগিত
বৃষ্টির কারণে রাজধানীর কয়েকটি স্কুলে চলা অর্ধবার্ষিক ও অন্যান্য পরীক্ষা স্থগিত করার খবর পাওয়া গেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা, দশম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষা এবং একাদশ শ্রেণির ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন একজন শিক্ষক।
এদিকে তানুজা আকবর নামের এক অভিভাবক বলেন, ধানমণ্ডি কামরুন্নেছা স্কুলের অর্ধবার্ষিকী এবং প্রাক-নির্বাচনী পরীক্ষা বৈরি আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে।
অনলাইন ডেস্ক : 























