রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৬ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে মামলার ডেথ রেফারেন্স বা মৃত্যুদণ্ড অনুমোদনের শুনানির জন্য পেপারবুক প্রস্তুত সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। যে কোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে এ মামলার শুনানি শুরু হতে পারে।
এর আগে গত রোববার সোহেল রানা ও স্বপ্না খাতুনের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্টের অন্য একটি বেঞ্চ। ওইদিন বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি সাইফুল ইসলামের বেঞ্চে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আসামিদের আপিলের বিষয়টি উপস্থাপন করেন। পরে আদালত আপিল শুনানির জন্য গ্রহণ করেন এবং দ্রুত পেপারবুক প্রস্তুতের নির্দেশ দেন।
মামলার নথিপত্র অনুযায়ী, গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেন। এরপর ১০ জুন মামলার ডেথ রেফারেন্সের যাবতীয় নথি হাইকোর্টে পৌঁছে যায়।
পরবর্তীতে আসামিরা হাইকোর্টে জেল আপিল করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।
অনলাইন ডেস্ক : 



























