কলেরা সংক্রমণ প্রতিরোধে মুখে খাওয়ার বিনামূল্যে কলেরা টিকা (পিওসিভি) প্রদান কর্মসূচি শুরু হয়েছে। রাজধানী ঢাকাসহ ৬ জেলার ১৪টি থানা ও উপজেলায় এ কর্মসূচির সূচনা করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকাল ৮টা থেকে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার বাস্তবায়নে এ টিকাদান শুরু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এক বছর বা তার বেশি বয়সের সবাই এ টিকা গ্রহণের যোগ্য হলেও গর্ভবতী নারী ও গুরুতর অসুস্থ ব্যক্তিরা এ টিকা পাবেন না। প্রথম ধাপে দেশের ঝুঁকিপূর্ণ এসব এলাকায় প্রায় ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কর্মসূচির প্রথম ডোজ পরিচালনা করা হচ্ছে ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর প্রদান করা হবে দ্বিতীয় ডোজ। পূর্ণ সুরক্ষার জন্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে দুই ডোজ টিকাই গ্রহণ করতে হবে। বিনামূল্যে নির্ধারিত কেন্দ্র ছাড়াও VaxEPI পোর্টালে নিবন্ধনের মাধ্যমে এ সেবা গ্রহণ করতে পারছেন।
চলছে কর্মসূচি যেসব এলাকায়
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: লালবাগ, গেণ্ডারিয়া, কদমতলী ও কামরাঙ্গীরচর থানা এলাকা।
ঢাকা উত্তর সিটি করপোরেশন: তেজগাঁও, খিলক্ষেত ও শেরেবাংলা নগর থানা এলাকা।
অন্যান্য জেলা ও উপজেলা: নারায়ণগঞ্জ সদর, মুন্সীগঞ্জ সদর, ব্রাহ্মণবাড়িয়া সদর ও নবীনগর এবং কিশোরগঞ্জের করিমগঞ্জ, হোসেনপুর ও তাড়াইল উপজেলা।
অনলাইন ডেস্ক : 


























