মাঠে দুর্দান্ত পারফরম্যান্সে টানা দ্বিতীয় শিরোপার স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। তবে সেই সময়েই মাঠের বাইরে বড় ধরনের বিতর্কে জড়িয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে এএফএ-র বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
আর্জেন্টিনার প্রভাবশালী দৈনিক লা নাসিওন-এর তথ্যের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে স্প্যানিশ ক্রীড়া সংবাদমাধ্যম মার্কা।
প্রতিবেদন অনুযায়ী, এএফএ সভাপতি ক্লাউডিও ‘চিকি’ তাপিয়ার নেতৃত্বাধীন সংস্থাটি যুক্তরাষ্ট্রে পরিচালিত শত শত মিলিয়ন ডলারের আর্থিক লেনদেনের বৈধতা যাচাই করছেন মার্কিন তদন্তকারীরা। বিশেষ করে ব্যাংক জালিয়াতি, অর্থপাচার বা অন্য কোনো আর্থিক অপরাধ সংঘটিত হয়েছে কি না, সেটিই তদন্তের মূল বিষয়।
তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে ট্যুরপ্রোডএন্টার এলএলসি নামের একটি থিয়েটার প্রযোজনা প্রতিষ্ঠান। গত কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটি এএফএ-র আন্তর্জাতিক বাণিজ্যিক চুক্তি থেকে প্রাপ্ত অর্থ সংগ্রহ ও পরিচালনার দায়িত্ব পালন করছিল।
ব্যাংক নথিপত্র পর্যালোচনায় তদন্তকারীরা জানতে পেরেছেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ পাঁচটি আর্থিক প্রতিষ্ঠান সিটিব্যাংক, সিনোভুস, ব্যাংক অব আমেরিকা, জেপি মরগান এবং পিএনসি ব্যাংকের বিভিন্ন অ্যাকাউন্ট ব্যবহার করে অন্তত ২৬০ মিলিয়ন ডলারের লেনদেন হয়েছে। এর মধ্যে প্রায় ৫৭ মিলিয়ন ডলার এমন কিছু নামসর্বস্ব প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়েছে, যাদের প্রকৃত পরিচয় ও অর্থের গন্তব্য নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
বিজ্ঞাপন
ওয়াশিংটন ডিসি ও ফ্লোরিডার তিনজন জ্যেষ্ঠ ফেডারেল প্রসিকিউটর ইতোমধ্যে এ তদন্তের প্রাথমিক দায়িত্ব নিয়েছেন। এদিকে, এএফএ-র আর্থিক কার্যক্রম নিয়ে প্রথম অভিযোগকারী ব্যবসায়ী গুইলারমো তোফোনিও এফবিআইয়ের কাছে আনুষ্ঠানিক জবানবন্দি দিয়েছেন।
এছাড়া যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এই তদন্তের অংশ হিসেবে আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মিলের প্রশাসনের সাবেক কয়েকজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের বিষয়টিও বিবেচনা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে এ প্রতিবেদন প্রকাশ পর্যন্ত এএফএ কিংবা সভাপতি ক্লাউডিও তাপিয়ার পক্ষ থেকে অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
স্পোর্টস ডেস্ক 

























