বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নামে অননুমোদিত গুগল ফরম তৈরি করে নিয়োগসংক্রান্ত তথ্য সংগ্রহের বিষয়টি নজরে এসেছে কর্তৃপক্ষের। এ বিষয়ে দেশের সবাইকে সতর্ক হতে বলেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
সতর্কবার্তায় বিমান বাংলাদেশ জানিয়েছে, এ ধরনের কোনো ফরম বা কার্যক্রমের সঙ্গে বিমানের সংশ্লিষ্টতা নেই।
শনিবার (৩১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জানানো হয়।
এতে বলা হয়, সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নামে একটি অননুমোদিত গুগল ফরমের মাধ্যমে নিয়োগসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে বিমান কর্তৃপক্ষ এ ধরনের কোনো ফরম চালু বা অনুমোদন করেনি। প্রচারিত ওই ফরম বা এর মাধ্যমে পরিচালিত কোনো কার্যক্রমের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কোনো সংশ্লিষ্টতা নেই।
বিমান জানায়, সংস্থাটির নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়। পাশাপাশি নিয়োগের আবেদন গ্রহণ ও ব্যবস্থাপনার জন্য টেলিটকের নির্ধারিত অনলাইন নিয়োগব্যবস্থা ব্যবহার করা হয়। নিয়োগসংক্রান্ত তথ্য ও বিজ্ঞপ্তি বিমানের অনুমোদিত ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।
এ অবস্থায় বিমানের নামে প্রচারিত কোনো অননুমোদিত গুগল ফরম বা অপরিচিত লিংকে ব্যক্তিগত তথ্য দেওয়া কিংবা আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য জনসাধারণের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
নিয়োগসংক্রান্ত যেকোনো তথ্য জাতীয় দৈনিক পত্রিকা, বিমানের অনুমোদিত ওয়েবসাইট এবং নির্ধারিত টেলিটক নিয়োগ পোর্টালের মাধ্যমে যাচাই করারও আহ্বান জানানো হয়েছে।
অনলাইন ডেস্ক : 



























