দক্ষিণী সুপারস্টার যশের ব্লকবাস্টার সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ নিয়ে এখন শোরগোল সিনেমা অঙ্গনে। ধুমধাড়াক্কা অ্যাকশনধর্মী সিনেমাটি নিয়ে ভক্তদের কৌতূহল তুঙ্গে। টিজার-ট্রেলারে রীতিমতো তোলপাড় অবস্থা। এরই মধ্যে সিনেমার অন্যতম কাস্টিং লেডিসুপারস্টার নয়নতারার প্রচারের একটি ছবি নিয়ে চাঞ্চল্যকর খবর রটে যায়। সেখানে দেখা যায় নয়নতারাকে ন্যাড়া মাথায় ‘টক্সিক’-এর প্রচারে ব্যস্ত।
সম্প্রতি সামাজিকমাধ্যমে দেখা যায়, যশের সিনেমাটির বক্স অফিসে সাফল্য কামনায় তিরুপতি তিরুমালা মন্দিরে গিয়ে মাথা ন্যাড়া করেছেন ছবির অন্যতম মুখ্য অভিনেত্রী নয়নতারা। সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত একাধিক ছবি ও ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়ে। আর নয়নতারা চুলহীল মাথার এই ছবি দেখে নেটপাড়ায় ভক্তদের মধ্যে তোলপাড় দেখা দিয়েছে।
তবে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানে জানা গেছে, নয়নতারার ন্যাড়া হওয়ার পুরো বিষয়টিই ভুয়া ও ভিত্তিহীন। ভাইরাল হওয়া ছবি ও ভিডিওগুলো মূলত এআই প্রযুক্তির সাহায্যে বিকৃত করে তৈরি করা হয়েছে।
গত এপ্রিলে স্বামী বিগ্নেশ শিবানের সঙ্গে তিরুমালা মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন নয়নতারা। সেদিনের পরা সাদা পোশাক ও সবুজ ওড়নার পুরোনো ছবিকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এডিট করে ‘টক্সিক’ নিয়ে এখন নেটপাড়ায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে পা রাখতে চলেছে বহুপ্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’। অ্যাকশন ও গ্যাংস্টার ড্রামা নির্ভর এই ছবিতে যশের বিপরীতে কেবল নয়নতারা নন, দেখা যাবে একাধিক প্রথম সারির বলি-সুন্দরীকে। বড় পর্দায় যশের সঙ্গে কিয়ারা আদভানি, তারা সুতারিয়া এবং হুমা কুরেশির জোরালো উপস্থিতি দর্শকদের বাড়তি আকর্ষণ জোগাচ্ছে।
আগামী ২৬ আগস্ট মুক্তি পেতে যাওয়া ‘টক্সিক’। যশের মেগাবাজেট এই সিনেমায় বিশেষ চরিত্রে রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। ‘এলিজাবেথ’ নামে এক ক্যারিশম্যাটিক চরিত্রে দেখা যাবে হুমা কুরেশিকে। যশের গ্যাংস্টার ড্রামার অন্যতম নাটকীয় চরিত্র ‘মেলিসা’র ভূমিকায় অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত। সূত্র: আজকাল.ইন
মোদ্দাকথা, পরিচালক গীতু মোহনদাস নায়কের ভয়ংকর চেহারা আর অ্যাকশন এরই মধ্যে উন্মোচন করে আকর্ষণ বাড়িয়েছেন দর্শকদের মধ্যে। তবে সিনেমহলে কতটা প্রত্যাশা পূরণ করতে পারে যশের সিনেমাটি—সেটাই দেখার।
বিনোদন ডেস্ক 
































