রসিদ ছাড়াই টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ট্রেনের টিটিদের বিরুদ্ধে। এর প্রতিবাদে আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা সংলগ্ন রেললাইন অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। ফলে রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
এর আগে গতকাল সোমবার (২০ জুলাই) দিনগত রাত ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ‘পদ্মা এক্সপ্রেস’ ট্রেনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম ফোরকান উদ্দীন। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ঘটনাসূত্রে জানা যায়, ঢাকা থেকে আসা ট্রেনের টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে কোনো রকম রসিদ না দিয়ে টাকা নিচ্ছিলেন দায়িত্বে থাকা টিটি। ফোরকান উদ্দীন এর প্রতিবাদ করলে টিটিরা তার ওপর চড়াও হন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টি-শার্ট পরিহিত থাকা সত্ত্বেও তাকে উপর্যুপরি মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।
ঘটনার বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দীন আম্মার বলেন, ভোররাতে খবর পাওয়ার পর আমরা বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করেছিলাম। কিন্তু অভিযুক্ত টিটিকে আগের স্টেশনেই নামিয়ে দেওয়া হয়। রেলওয়ের টিটিদের ঘুষ নেওয়ার যে ব্যবস্থা, আইন বিভাগের শিক্ষার্থী হিসেবে তিনি তারই প্রতিবাদ করেছিলেন।
আম্মার আরও বলেন, প্রতিবাদের কারণে শিক্ষার্থীকে দুই বগির মাঝখানের ফাঁকা জায়গায় কিল-ঘুষি মারা হয়, এতে তার পা কেটে যায় এবং চশমা ভেঙে যায়। এমনকি ট্রেনের গেট আটকানো না থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ বলেন, দুই পক্ষ থেকে দুই ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে, যা তদন্ত সাপেক্ষে স্পষ্ট হবে। তবে প্রাথমিকভাবে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কর্মচারীকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে এবং অন্যান্য ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ফরিদ আহমেদ আরও বলেন, রেলওয়ে কর্তৃপক্ষের পদক্ষেপ সত্ত্বেও শিক্ষার্থীরা অসন্তোষ প্রকাশ করে ট্রেন অবরোধ করে রেখেছেন। ফলে সকাল থেকে ঢাকাগামী ‘মধুমতী এক্সপ্রেস’ ছাড়া আর কোনো ট্রেন স্টেশন ছেড়ে যেতে পারেনি।
নিউজবিজয় প্রতিবেদক 



























