লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া বাজারকে আধুনিক ও ডিজিটাল লেনদেনের আওতায় আনতে ‘ক্যাশলেস দইখাওয়া বাজার’ কর্মসূচি শুরু করেছে পূবালী ব্যাংক পিএলসি।
রোববার (২৩ আগস্ট) সকালে দইখাওয়া বাজারের প্রধান সড়কে তিন দিনব্যাপী ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। ‘এক দেশ, এক QR লেনদেনে BANGLA QR’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের ক্যাশলেস লেনদেনের বিভিন্ন সুবিধা সম্পর্কে অবহিত করা হচ্ছে।
পূবালী ব্যাংক পিএলসির হাতীবান্ধা উপশাখার আয়োজনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপশাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মেহেদী হাসান।
কর্মসূচির আওতায় সাধারণ গ্রাহকদের জন্য বিনামূল্যে ব্যাংক হিসাব খোলার সুযোগ এবং হিসাব খোলার পর তাৎক্ষণিক বিনামূল্যে ডেবিট কার্ড প্রদানের সুবিধা রাখা হয়েছে। পাশাপাশি পূবালী ব্যাংকিং অ্যাপ রেজিস্ট্রেশন, পূবালী ব্যাংক হিসাবের সঙ্গে বায়োমেট্রিক রেজিস্ট্রেশনসহ বিভিন্ন ডিজিটাল ব্যাংকিং সেবা দেওয়া হচ্ছে।
এছাড়া দইখাওয়া বাজারের ব্যবসায়ীদের জন্য POS (পয়েন্ট অব সেল) ও BANGLA QR-এর আবেদন করার সুবিধা রাখা হয়েছে। এর মাধ্যমে ব্যবসায়ীরা নগদ অর্থের পাশাপাশি ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে ক্রেতারাও QR কোড স্ক্যান করে সহজেই পণ্যের মূল্য পরিশোধ করতে পারবেন।
আয়োজকরা জানান, ক্যাশলেস লেনদেনকে জনপ্রিয় ও সহজ করার পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষকে আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। এর মাধ্যমে দইখাওয়া বাজারকে ধীরে ধীরে একটি নিরাপদ, স্বচ্ছ ও ডিজিটাল লেনদেননির্ভর বাজার হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
লালমনিরহাট জেলা প্রতিনিধি : 



























