চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (৯ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন৷
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শাহ আলম এ তথ্য জানিয়েছেন।
এদিন বিকেল ৫টা ১০ মিনিটে আদালতে বিচারক এজলাসে উঠে জিজ্ঞেস করেন, ডনের পক্ষে কোনো উকিল আছে কি না; কিন্তু তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। পরে রাষ্ট্র পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী ডনকে গ্রেপ্তারের পক্ষে শুনানি করেন।
ফারুকী বলেন, ‘তিনি (ডন) দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় সিআইডি গ্রেপ্তার করে। মামলাটি নন্দিত নায়ক সালমান শাহ হত্যার। যিনি সবার কাছে এখনো জনপ্রিয়। মামলাটিতে ডন এজাহারনামীয় ৪ নম্বর আসামি। এ মামলায় আমাদের নিবেদন তাকে তদন্তের স্বার্থে কারাগারে পাঠানো হোক।’
শুনানি শেষে আদালত ডনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, রোববার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। এরপর বিকেলে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক আরিফুর রহমান।
জানা গেছে, চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার কারণে ডনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশন থেকে জানানোর পরে সিআইডি তাকে হেফাজতে নিয়েছে। আজ সৌদি আরবে ওমরাহ পালনে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান সালমান শাহ। শুরুতে তার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও পরে এ নিয়ে হত্যা মামলা হয়। মামলাটির তদন্তে বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির নাম এসেছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন, সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।
কালবেলা/নূর/এমএইচ
অনলাইন ডেস্ক : 


























