সরকারপ্রধান হিসেবে টানা ২৫ বছর পূর্ণ করার মাইলফলক উদযাপনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির মন্দিরে প্রার্থনা করেছেন। মোদি নিষ্ঠার সঙ্গে দেশসেবার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছেন। ২০০১ সালের ৭ অক্টোবর তিনি প্রথম গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন এবং পরবর্তীতে ২০১৪ সাল থেকে টানা তিন মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
বুধবার (৭ অক্টোবর) বার্তা সংস্থা এএনআই-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এই উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব পাস করে প্রধানমন্ত্রী মোদিকে অভিনন্দন জানিয়েছে। প্রস্তাবে উল্লেখ করা হয়, গুজরাটে নাগরিকদের অভাব-অভিযোগ শোনার ব্যবস্থা ‘সোয়াগাত’ ২০১০ সালে জাতিসংঘ জনসেবা পুরস্কার পায়, যা পরবর্তীতে জাতীয় স্তরে ‘প্রগতি’ পরিচালনায় অনুপ্রেরণা যোগায়। এছাড়া ২০৪৭ সালের মধ্যে একটি সমৃদ্ধ ও স্বাবলম্বী ভারত গড়ার লক্ষ্যে এই পথচলা অব্যাহত থাকবে বলে প্রস্তাবে জানানো হয়।
উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় অভিনন্দন জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী মোদির দূরদর্শী নেতৃত্বে ২৫ কোটি মানুষ চরম দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে, যা মানব ইতিহাসে স্মরণীয় অর্জন।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক্সে লিখেছেন, ‘জনসেবা থেকে রাষ্ট্রসেবা’ ব্রত নিয়ে প্রধানমন্ত্রী মোদি দেশের ভাবমূর্তি উচ্চতার শিখরে নিয়ে গেছেন এবং তার জীবন দেশবাসীকে আত্মনির্ভরশীল ভারত গঠনে অনুপ্রাণিত করে।
একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান এই মাইলফলককে অভূতপূর্ব ও ঐতিহাসিক বলে আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদির দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। তিনি জানান, গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে স্বাবলম্বী ভারত গড়ার এই যাত্রায় মোদির পরিশ্রম ও নেতৃত্ব সবার অনুপ্রেরণার উৎস।
সূত্র: এএনআই
আন্তর্জাতিক ডেস্ক 



























