কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ৯টি কলেজের শিক্ষার্থীদের নিয়ে ডেলটা- ঐতিহ্য সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দিনব্যাপি ‘ ঐতিহ্য পাকুন্দিয়া, আমরা করব জয়’ সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন। কবি সদরুল্লাহ ও শিক্ষক মনিরা আজম ইতি’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মুহাম্মদ নুরুল আমীন বিপ্লব।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের পিপি ও কিশোরগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) রিফাত জাহান, পাকুন্দিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, ফেকামারা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম বিপ্লব, হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ রকিব উদ্দিন মোশায়ের, ডেল্টা-ঐতিহ্য পাকুন্দিয়া’র সভাপতি অরুন সরকার প্রমুখ।
দুই পর্বের এ সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতায় কলেজ রাউন্ডে প্রত্যেক কলেজের পাঁচ জন প্রতিযোগী অংশ নেয়। এতে প্রথম হয় এমএ মান্নান মানিক কলেজ, পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজ দ্বিতীয় ও পাকুন্দিয়া সরকারী কলেজ তৃতীয় হয়। দ্বিতীয় পর্বের প্রতিযোগিতায় প্রত্যেক কলেজ থেকে একজন করে প্রতিযোগী অংশ নেয়। এতে পাঁচটি রাউন্ডে পাঁচজন বিজয়ী হয়। দলনেতাদের ব্যক্তিগত রাউন্ডে ল্যাপটপ বিজয়ী হয় পাকুন্দিয়া সরকারী কলেজের শিক্ষার্থী মো. তামিম মিয়া।
প্রতিযোগিতা শেষে এ সময় বিজয়ী শিক্ষার্থীরদের মাঝে বাই সাইকেল, বই, বিজয়ী তিনটি কলেজকে গিফট বক্স, অংশগ্রহণকারী সকল কলেজকে বুক সেলফ এবং সকল শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন লেখকের বই উপহার দেয়া হয়।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
কিশোরগঞ্জ প্রতিনিধি 

































