বড়পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবের মন্ত্রী হওয়ার পথে আছেন। পর্দায় মিঠুন চক্রবর্তী ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাস্তবে পশ্চিমবঙ্গ সরকারের পূর্ণমন্ত্রীর সমতুল্য পদ দেওয়া হয়েছে জনপ্রিয় ও বিতর্কিত এ অভিনেতাকে।
সম্প্রতি রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছিলেন। বুধবার (৭ অক্টোবর) সরকারি বিজ্ঞপ্তিতে রাজ্যটির পক্ষ থেকে জানানো হয়েছে সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা হিসেবে কাজ করবেন মিঠুন।
ওই পদ ‘ক্যাবিনেট মন্ত্রী’র সমতুল্য পদমর্যাদার বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবিলম্বে ওই নিয়োগ কার্যকর হচ্ছে এবং পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
রাজ্যটির মুখ্যসচিব মনোজকুমার অগ্রবালের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যপালের আদেশক্রমে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে মিঠুনকে ওই পদ দেওয়া হল।
বর্তমানে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দুর হাতে। সেই দফতরের পরামর্শদাতা হিসেবে মিঠুন কী কী দায়িত্ব পালন করবেন, তা যদিও স্পষ্ট নয়। তবে নতুন সরকারের আমলে টলিপাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে থেকেছেন মিঠুন।
আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তার জন্য তৈরি হওয়া কমিটির মুখ্য উপদেষ্টার দায়িত্ব আগেই পেয়েছেন মিঠুন।
প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভার ভোটের আগে বিজেপিতে যোগ দেন মিঠুন। তার আগে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ ছিলেন। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই ইস্তফা দেন। গত পাঁচ বছরে বিজেপির হয়ে নানা ভোটপ্রচারে তারকাপ্রচারক ছিলেন এই অভিনেতা-রাজনীতিক।
অনলাইন ডেস্ক : 


























