লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অসহায়, দরিদ্র ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থের চেক, কৃষি উপকরণ এবং শিশুদের জন্য ভালোবাসা কিটস বক্স বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। শনিবার (২০ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা ও কৃষি উপকরণ বিতরণ করেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।অনুষ্ঠানে উপজেলার ৮২টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৯১ বান্ডিল ঢেউটিন এবং গৃহ নির্মাণ ও মেরামতের জন্য ২ লাখ ৭৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া সমাজসেবা অধিদপ্তরের আওতাবহির্ভূত শিশুদের মাঝে ভালোবাসা কিটস বক্স প্রদান করা হয়। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, সবজি বীজ, গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ, সার, বালাইনাশক, ফলজ গাছের চারা ও জৈব সার বিতরণ করা হয়। এ কর্মসূচির মাধ্যমে মোট ৬ হাজার ৯৫০ জন কৃষক উপকৃত হবেন। এর মধ্যে ৪ হাজার ২০০ জন কৃষক আমন ধানের বীজ ও সার, ১ হাজার ৫০০ জন কৃষক সবজি বীজ ও সার, ৩৪০ জন কৃষক গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের উপকরণ এবং ৮৫০ জন কৃষক ফলজ গাছের চারা ও জৈব সার পাবেন। এছাড়া লেবু চাষ সম্প্রসারণে ৬০ জন কৃষককে বিশেষ সহায়তা দেওয়া হবে। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং অসহায় মানুষের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নুর ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দী, হাতীবান্ধা উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোশারফ হোসেন, মো. আফজাল হোসেন, এম. সাইদুজ্জামান কোয়েল, মো. আনোয়ার হোসেন, মো. আমিনুর রহমান, মো. রুবেল মিয়াসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা।
ব্রেকিং
হাতীবান্ধায় ৮২টি পরিবারের মাঝে টিন ও নগদ অর্থের চেক বিতরণ, কৃষকদের মাঝে প্রণোদনা
-
মোঃ নজরুল ইসলাম - আপডেট সময় ১২:০৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- 4
আরও পড়ুন
দেশে আরও কমলো স্বর্ণের দাম
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
জনপ্রিয় সংবাদ
মোঃ নজরুল ইসলাম 




























