লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব ও বিশিষ্ট জ্যেষ্ঠ সাংবাদিক মোঃ লিয়াকত আলী (৬৯) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া… রাজিউন)।
আজ সোমবার (৮ জুন) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে লালমনিরহাট সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
স্ট্রোকের পর হাসপাতালে মৃত্যু হয়,পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে নিজ বাসভবনে হঠাৎ স্ট্রোক করলে দ্রুত তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
মরহুমের ছেলে নাঈম খান সাদ জানান, “আব্বা দীর্ঘদিন ধরেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। আজ সকাল সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে তিনি স্ট্রোক করেন। হাসপাতালে নেওয়ার পর ১০টা ১৫ মিনিটে তিনি আমাদের ছেড়ে চলে যান।”
বাদ এশা নামাজে জানাজা, প্রেসক্লাব লালমনিরহাটের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সোমবার বাদ এশা স্থানীয় নেসারিয়া কামিল মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।
সাংবাদিক মহলে গভীর শোক, সাংবাদিক লিয়াকত আলীর আকস্মিক মৃত্যুতে লালমনিরহাটের সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে লালমনিরহাট প্রেসক্লাবসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।
সাংবাদিকতায় তাঁর দীর্ঘ অবদান স্মরণ করে লালমনিরহাট প্রেসক্লাবের আহবায়ক ও জ্যেষ্ঠ সাংবাদিক আনোয়ার হোসেন স্বপন বলেন,”লিয়াকত আলী দৈনিক সমাচার ও নবচেতনা পত্রিকাসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্রে সুনামের সঙ্গে প্রায় তিন দশক সাংবাদিকতা করেছেন। লালমনিরহাট জেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে তিনি প্রতিনিয়ত কলম ধরেছেন। তিনি অত্যন্ত সহজ, সরল ও সাদা মনের মানুষ ছিলেন। তাঁর এই চলে যাওয়া আমাদের জন্য এক বিশাল শূন্যতা তৈরি করলো।”
মো: ফারুক হোসেন (নিশাত) নিউজবিজয় প্রতিবেদক 


























