নির্বাচনী মাঠে বিএনপির স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থীদের ঘিরে সৃষ্ট বিভ্রান্তি নিরসনে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
বুধবার (৭ জানুয়ারি) গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
নুরুল হক নূরের নেতৃত্বে গণঅধিকার পরিষদের তিন সদস্যের একটি প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নেয়। বৈঠক শেষে নুর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
নুরুল হক নুর বলেন, ‘নির্বাচনী ময়দানে বেশিরভাগ স্থানে বিএনপির স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী দাঁড়িয়েছে, যা আমাদের এবং ভোটারদের বিভ্রান্ত করছে। এই বিভ্রান্তি দূর করা জরুরি। আমরা প্রস্তাব দিয়েছি, বিদ্রোহীদের সরাসরি বহিষ্কার না করে আলাপ-আলোচনার মাধ্যমে যেন তাদের প্রার্থিতা ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়। এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হস্তক্ষেপ চেয়েছি।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘নির্বাচন হলেই যে দেশে স্থিতিশীলতা ফিরে আসবে, তা ভাবার কোনো অবকাশ নেই। সংকটের গভীরে গিয়ে কাজ করতে হবে। এ ক্ষেত্রে তারেক রহমান যাতে রাজনৈতিক দলগুলোর এই ঐক্য ধরে রাখেন, সে বিষয়ে আমাদের মধ্যে বিস্তারিত কথা হয়েছে।’
গণঅধিকার পরিষদের সভাপতি আরও বলেন, দেশের বৃহত্তর স্বার্থে রাজপথের মিত্রদের মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন।
বিশেষ করে ভোটের মাঠে শরিকদের মধ্যে যেন কোনো ধরনের দূরত্ব তৈরি না হয়, সে বিষয়ে বিএনপির হাইকমান্ড প্রয়োজনীয় নজর দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নিউজবিজয়২৪.কম/এফএইচএন
অনলাইন ডেস্ক : 



























