নিট-ইউজি প্রশ্নফাঁস কাণ্ড ও শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদচ্যুত না করে কেবল অন্য কোনো মন্ত্রণালয়ে সরিয়ে নেওয়ার কথা সরকার বিবেচনা করছে বলে দাবি করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। খবর ইন্ডিয়া টুডে’র।
দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) নেতৃত্বে চলা বিক্ষোভের মধ্যেই এই দাবি তুলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে শিক্ষামন্ত্রীকে স্রেফ এদিক-ওদিক সরিয়ে নেওয়া ভারতের শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নেবে না। তাকে পদ থেকে সম্পূর্ণ বরখাস্ত করতে হবে।
দিল্লির ১০ জনপথে সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী বলেন যে শিক্ষার্থীদের প্রধান দাবি হলো এই দুর্নীতিগ্রস্ত ও অযোগ্য শিক্ষামন্ত্রীকে অবিলম্বে বরখাস্ত করা। গত সোমবার (২০ জুলাই) সংসদ অভিমুখে শিক্ষার্থীদের মিছিলে পুলিশি লাঠিচার্জ ও অতিরিক্ত বলপ্রয়োগের তীব্র নিন্দা জানিয়ে তিনি দোষী পুলিশকর্মীদের কঠোর শাস্তির দাবি জানান।
পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক মধ্যরাতের বার্তার সমালোচনা করে তিনি বলেন যে এটি পরামর্শ নেওয়ার সময় নয়, শিক্ষার্থীদের দাবি একটাই আর তা হলো শিক্ষামন্ত্রীর পদত্যাগ। সরকারের সঙ্গে আন্দোলনকারীদের তৃতীয় দফার বৈঠকের ঠিক আগে রাহুল গান্ধীর এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক 

























