কর্মক্ষেত্রে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষাবিষয়ক কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রকল্প (ক্রিম্প)।গত ৫ ও ৬ জুলাই ২০২৬ তারিখে এলজিইডি সদর দপ্তরের আরডিইডি ভবনের ১২ তলার সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় দেশের বিভিন্ন জেলার প্রকৌশলী, পরামর্শক, ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রকল্পের প্রতিনিধিরা অংশ নেন। কর্মশালার উদ্বোধন করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক)-এর পরিচালক মো. আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবসম্পদ, পরিবেশ ও জেন্ডার শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ছয়ফুদ্দীন। কর্মশালার প্রেক্ষাপট ও উদ্দেশ্য তুলে ধরেন ক্রিম্প প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আব্দুল খালেক। প্রশিক্ষণে মূল প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কেএফডব্লিউ-এর পরামর্শক সেবাস্তিয়েন ফ্রাওনেট। এ সময় কেএফডব্লিউ-এর আরবান পোর্টফোলিও কো-অর্ডিনেটর শেখ তৌহিদুর রহমান উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা ব্যবস্থার গুরুত্ব, কর্মক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকি শনাক্তকরণ, ঝুঁকি মূল্যায়ন ও নিয়ন্ত্রণ, জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণের প্রয়োজনীয়তা এবং কার্যসম্পাদন সূচক নির্ধারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া ব্যবহারিক অনুশীলন, অংশগ্রহণকারীদের উপস্থাপনা এবং মতবিনিময় পর্বের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা ও করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়। কর্মশালায় ভোলা, বরগুনা ও সাতক্ষীরা জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী, ডিএসএম পরামর্শক প্রতিষ্ঠানের বিশেষজ্ঞবৃন্দ, ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ বিভিন্ন প্রকল্পে কর্মরত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এছাড়া ক্রিম্প ও ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী এবং সহকারী প্রকৌশলীরাও এতে অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মো. আজহারুল ইসলাম বলেন, “এলজিইডি তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত দেশের অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের প্রকৌশলী ও মাঠপর্যায়ের কর্মীরা প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করেন। তাই প্রকৌশলী ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা কোনো ঐচ্ছিক বিষয় নয়; এটি আমাদের নৈতিক ও পেশাগত দায়িত্ব।” তিনি আরও বলেন, “এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করতে হবে। অংশগ্রহণকারীরা নিজ নিজ প্রকল্প ও কর্মক্ষেত্রের জন্য যে পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষাবিষয়ক খসড়া কর্মপরিকল্পনা প্রস্তুত করেছেন, তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।” প্রশিক্ষণ কর্মশালায় ডিএসএম পরামর্শক প্রতিষ্ঠানের ডেপুটি টিম লিডার মো. মোকসেদ আলম, প্রশিক্ষণ বিশেষজ্ঞ বান্দা হাফিজ এবং গণমাধ্যম ও যোগাযোগ বিশেষজ্ঞ সৈয়দ মাহবুব আহসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।কর্মশালায় বক্তারা বলেন, পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষাবিষয়ক কার্যকর কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে নির্মাণকাজে দুর্ঘটনার ঝুঁকি কমানোর পাশাপাশি নিরাপদ, টেকসই ও মানসম্মত অবকাঠামো উন্নয়নে আরও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
ব্রেকিং
পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা ব্যবস্থাপনা শক্তিশালী করতে এলজিইডির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
-
মোঃ নজরুল ইসলাম - আপডেট সময় ১০:০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- 3
আরও পড়ুন
দেশের বাজারে কমল সোনার দাম
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
জনপ্রিয় সংবাদ
মোঃ নজরুল ইসলাম 


























