রংপুরের পীরগাছায় ৩ আওয়ামীলীগ নেতার নেতৃত্বে প্রকাশ্যে দিনের বেলা ৪ জন দিনমজুরের বাড়িতে তান্ডব চালানোর অভিযোগ পাওয়া গেছে। এসময় হামলাকারীরা হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগ করে ৬টি বিদেশী গরু, নগদ টাকা, স্বর্ণালংকার ও ঘরের আসবাবপত্র লুট করে নিয়ে যায়। জমিজমা সংক্রান্ত ঘটনার জের ধরে রোববার সকাল ১১ টায় উপজেলার ছাওলা ইউনিয়নের দামুরস্বর গ্রামে ঘন্টা ব্যাপী এ তান্ডব চালানো হয়।
অভিযোগে জানা গেছে, সকাল ১১ টায় হঠাৎ করেই ছাওলা ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ও পাওটানাহাট ব্যবসায়ী সমিতির সভাপতি পশু চিকিৎসক রেজাউল করিম, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুকুল মিয়া এবং ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওযার্ড আওয়ামীলীগের সভাপতি আইযুব হোসেন এর নেতৃত্বে ৭০ থেকে ৮০ জন চিহ্নিত ব্যক্তি দামুরস্বর গ্রামের মৃত গফুর প্রামানিক এর ছেলে সিরাজুল ইসলামের বাড়িতে প্রথমে হামলা চালায়। এসময় বাড়ির লোকজন ভয়ে সরে গেলে হামলাকারীরা ৪টি ঘর, ফ্রিজ ও আসবাবপত্র ভাংচুর করে স্যালো মেশিন, সেচ মোটর, টিভিসহ মূল্যবান আসবাবপত্র নিয়ে যায়। এসময় তারা ২শ গজ দুরে গরি প্রামানিকের ছেলে সৈয়দ আলী, এরশাদ আলী ও রুবেল মিয়ার বাড়িতে হামলা চালায়। এখানে তারা ৮টি ঘর, মোটর সাইকেল, মূল্যবার আসবাবপত্র ভাংচুর করে নগদ টাকাসহ ৬টি বিদেশী গরু, স্বর্ণালংকার, পাসপোর্ট ও দলিলপত্র নিয়ে যায়। ঘন্টাব্যাপী এসব তান্ডব চালানোর পর চুরি করা একটি গরু দিয়ে ভূড়িভোজের আয়োজন করে হামলাকারীরা। প্রকাশ্যে দিনের বেলা এ ধরনের ঘটনায় পুরো গ্রামে আতংক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় লোকজন বলছেন, ঘটনার সময় ২৪ এর গণঅভ্যূথান এর মতো আতংক ছড়িয়ে পড়ছে। গ্রামের মানুষ এসব প্রভাবশালীদের ভয়ে আতংকগ্রস্থ হয়ে ছোটাছুটি করতে থাকে। প্রকাশ্যে দিনের বেলা গরীব মানুষের গরু ও আসবাবপত্র লুটপাটের ঘটনায় আমরা হতবাক!
ভূক্তভোগী সৈয়দ আলী ও সিরাজুল ইসলাম বলেন, ঘরে থাকা এবং খাওয়ার মত কিছু নাই। সব নিয়ে গেছে। ছোট বড় ৬টি বিদেশী গরুর সাথে রান্না করা পাতিলও নিয়ে গেছে হামলাকারীরা। চাল-ডাল কিছুই রেখে যায়নি। হামলার পুরো সময় বিভিন্ন স্থানে পাহারা বসানো ছিল। ফলে কেউ তাদের প্রতিরোধ করতে এগিয়ে আসেনি।
জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য আইয়ুব আলী ও রেজাউল করিম বলেন, আমরা ঘটনার সময় ছিলাম না। বাইরে ছিলাম। তবে ইউপি সদস্য মুকুল মিয়ার ফোন নম্বরে কল দেয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, ৯৯৯ নাইনে ফোন পেয়ে পুলিশ গিয়েছে শুনেছি। কিন্তু কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ## ০৯-০৮-২০২৬
ব্রেকিং
দিনমজুরের গরু চুরি করে ভূড়িভোজ, পীরগাছায় আ’লীগ নেতাদের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ
-
তাজরুল ইসলাম , পীরগাছা (রংপুর) প্রতিনিধি:- - আপডেট সময় ০৯:৪৪:১৮ অপরাহ্ন, রবিবার, ৯ আগস্ট ২০২৬
- 6
জনপ্রিয় সংবাদ
































