লালমনিরহাটের হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সাদা প্রাইভেটকার, দেশীয় অস্ত্র ও বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে উপজেলার দক্ষিণ গড্ডিমারী মৌজায় সাবেক এমপি মো. মোতাহার হোসেনের বাড়ির সামনে পাটগ্রাম-লালমনিরহাট মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার তরফ কামাল এলাকার মো. সোহরাব হোসেন (৪০), বরিশালের গৌরনদী উপজেলার মো. আলামিন (৩৪), পাবনার সাঁথিয়া উপজেলার মো. আমিনুল ইসলাম (৪৭) এবং রংপুরের কোতোয়ালি থানার রামপুরা এলাকার গাড়িচালক মো. মাসুদ পারভেজ মাসুদ (৩৭)।
পুলিশ জানায়, হাতীবান্ধা থানার এসআই মো. জাকিউল ইসলাম সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্সসহ ৩ নম্বর সিংগীমারী এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান শেষে থানায় ফেরার পথে মহাসড়কের পাশে একটি সাদা প্রাইভেটকার দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে পুলিশ গাড়িটির সামনে পিকআপ থামিয়ে তল্লাশি চালায়। এ সময় গাড়ির ভেতর একজনকে চালকের আসনে পাওয়া যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাবেক এমপি মোতাহার হোসেনের পরিত্যক্ত বাড়ি থেকে আরও কয়েকজন পালানোর চেষ্টা করে। পরে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে।
আটক প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে একটি দেশীয় অস্ত্র, একটি ব্যাটারিচালিত গ্রাইন্ডিং মেশিন, একটি ব্যাটারিচালিত ড্রিল মেশিন, আটটি ড্রিল মেশিনের বিট, চারটি ছোট-বড় গ্রাইন্ডিং ব্লেড, চারটি ছোট-বড় স্লাইড রেঞ্চ, একটি প্লাস, দুটি কেবল কাটার প্লাস, দুটি হ্যাকস ব্লেড, তিনটি স্ক্রু ড্রাইভার, দুটি লোহার তৈরি ছেনি, ১৫টি বিভিন্ন ধরনের চাবি, দুটি কাটারসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, তথ্যপ্রযুক্তির মাধ্যমে যাচাই করে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ডাকাতি, মানবপাচার ও চুরির মামলা থাকার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টও রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তাররা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।
এ ঘটনায় হাতীবান্ধা থানায় মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রেস বিজ্ঞপ্তি 































