দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারসহ ভরিতে দাম কমানো হয়েছে ৯ হাজার ১৩ টাকা। এতে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। এবার প্রথমবারের মতো ভ্যাটসহ স্বর্ণালংকারে মূল্য ঘোষণা করেছে সংগঠনটি।
বাজুস জানায়, বৃহস্পতিবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম নির্ধারণের সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এ ছাড়া ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
এর আগে, গত ১৫ জুন ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। এর সঙ্গে ৫ শতাংশ ভ্যাট যোগ করে এক ভরি স্বর্ণালংকারে বিক্রয়মূল্য দাঁড়ায় ২ লাখ ৪১ হাজার ৯৪৩ টাকা।
স্বর্ণের দামে সঙ্গে ভ্যাটসহ রুপার দামও নির্ধারণ করে দিয়েছে বাজুস। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্বর্ণের দামে নির্ধারিত ভ্যাট কমানোর প্রস্তাব দেওয়া হয়। দেশে স্বর্ণালংকার কেনাবেচায় আগে মোট বিক্রয়মূল্যের ওপর ৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দিতে হতো। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে এ পদ্ধতি পরিবর্তন করে নির্ধারিত অঙ্কের ভ্যাট আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতি ভরি স্বর্ণের ওপর ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে। ফলে এবার ভ্যাটসহ দাম নির্ধারণ করেছে বাজুস।
অনলাইন ডেস্ক : 

























