দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুরাদ খান (৪৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ আসর এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মুরাদ খান সেনহাটি ইউনিয়ন এলাকার বাসিন্দা এবং ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো দৌলতপুরে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন মুরাদ খান।
পথে টিটিসি কলেজ, দিঘলিয়া-এর সামনে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।
আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ধারণা, পূর্ব শত্রুতা অথবা রাজনৈতিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য , ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানা গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, মুরাদ খানের মৃত্যুতে পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
মোঃ রানা মোল্লা খুলনা জেলা প্রতিনিধি :- 



























