শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন মজুমদারকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছেন আতিকুর রহমান সোমেল সরদার নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতা। শনিবার (১৭ জানুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সখিপুর থানার ওসি মো. নাজিম উদ্দিন মজুমদার। এর আগে বিকেলে সখিপুর বাজারে ঘটনাটি ঘটে।
আতিকুর রহমান সোমেল সরদার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সখিপুর থানা সভাপতি।
তিনি সখিপুর ইউনিয়নের সরদার কান্দি গ্রামের বাসিন্দা এবং মৃত মজিবুর সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সখিপুর বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি সংক্রান্ত বিষয়ে ওসি নাজিম উদ্দিন মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে নামে। প্রাথমিকভাবে ব্যবসায়ীদের সতর্ক করতে টহল কার্যক্রম চালানো হয়। এ সময় ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের অংশ হিসেবে ওসি ওই ছাত্রলীগ নেতার পরিচয় জানতে চান।
কিন্তু কোনো উত্তর না দিয়ে তিনি ওসিকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। তাকে ধরতে গেলে ওসির বাম হাতের কনিষ্ঠ আঙুলের নখ ভেঙে যায়।
পরে আহত অবস্থায় প্রথমে তিনি সাজেদা জব্বার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে থানায় ফিরে যান।
এ বিষয়ে সখিপুর থানার ওসি মো. নাজিম উদ্দিন মজুমদার মুঠোফোনে বলেন, আজ বাজারে খোলা তেল বিক্রি নিয়ে ব্যবসায়ীদের সতর্ক করার অভিযানে ছিলাম। এ সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতিকে একটি দোকানে দেখতে পাই। আমাদের দেখে তিনি পালানোর চেষ্টা করেন। আমি তার রাজনৈতিক পরিচয় জানতে চাইলে কোনো উত্তর না দিয়ে আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। ধরার চেষ্টা করতে গিয়ে আমার বাম হাতের কনিষ্ঠ আঙুলের নখ অর্ধেক উঠে যায়।
পরে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছি। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। স্যারদের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
অনলাইন ডেস্ক : 



























