রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নে মাদক বিরোধী বিশাল শোডাউন ও পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান। সোমবার দুপুরে তিনি ৩ শতাধিক মোটর সাইকেল ও ৫ শতাধিক নেতাকর্মী নিয়ে গোটা ইউনিয়ন জুড়ে শোডাউন করেন।
উপজেলার সাতদরগা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সু-স্বজ্জিত টি-শার্ট পড়ে শোডাউনটি বের হয়ে গোটা ইউনিয়নের হাট-বাজার সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে । এসময় মাদক বিরোধী নানা স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। পাশাপাশি এ ইউনিয়নের ১৩ টি পূজামণ্ডপ পরিদর্শন করেন চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান। পরিদর্শন কালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক খোঁজখবর নেন এবং পূজা উদ্যাপনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।
মাদক বিরোধী শোডাউন কালে চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন,“মাদক একটি পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। অন্নদানগর ইউনিয়নকে মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় তিনি অন্নদানগর ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
পরিদর্শনকালে অন্নদানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, পীরগাছা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তাজরুল ইসলাম , পীরগাছা (রংপুর) প্রতিনিধি:- 
































