লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি বাইসাইকেল, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, চারটি সিমকার্ড ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০মি: দিকে হাতীবান্ধা উপজেলার পশ্চিম ঠ্যাংঝাড়া এলাকায় এ অভিযান চালায় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীন ঠ্যাংঝাড়া বিওপির একটি টহলদল।
আটকরা হলেন-হাতীবান্ধা উপজেলার ঠ্যাংঝাড়া গ্রামের সুলতান আলীর ছেলে মো. রাসেল হোসেন (২০) এবং একই গ্রামের শাহীন উদ্দিন সরকারের ছেলে মো. জেমস সরকার (১৯)।
বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুবেদার মো. শরিফুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ৮০০/৫-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম ঠ্যাংঝাড়া এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন দুই যুবক মোটরসাইকেলে ঘটনাস্থলে এলে বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দেন।
এ সময় তারা মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবির টহলদল ধাওয়া করে তাদের আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ছাড়া তাদের কাছ থেকে একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল, একটি হিরো বাইসাইকেল, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, চারটি জিপি সিমকার্ড ও নগদ ১১০ টাকা জব্দ করা হয়। জব্দ করা মালামালের মোট সিজার মূল্য ২ লাখ ৪৪ হাজার ৯৯৯ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে মাদক সংগ্রহ, পরিবহন ও বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছে।
আটক দুই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের হাতীবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশসহ আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি 


















