লালমনিরহাটের হাতীবান্ধায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সাম্প্রতিক সময়ে একই এলাকায় পরপর সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
সোমবার (১৭ আগস্ট) সকালে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের হাতীবান্ধা মেডিকেল মোড় এলাকায় উদ্দীপ্ত তরুণ সামাজিক সংগঠনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শনিবার (১৫ আগস্ট) দুপুরে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের হাতীবান্ধা সোনালী ব্যাংক চত্বর এলাকায় ট্রাকের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত আরও দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়া হলে পরে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়। এতে ওই দুর্ঘটনায় মোট চারজনের মৃত্যু হয়।
এর পরদিন রোববার (১৬ আগস্ট) একই এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হন। পরপর দুর্ঘটনার ঘটনায় ওই সড়কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, মহাসড়কে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল, ট্রাফিক আইন যথাযথভাবে না মানা এবং গুরুত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। বিশেষ করে শিক্ষার্থী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
তারা আরও বলেন, সড়ক দুর্ঘটনায় একের পর এক মানুষের প্রাণহানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন, গুরুত্বপূর্ণ মোড় ও দুর্ঘটনাপ্রবণ এলাকায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা এবং পথচারীদের নিরাপদ চলাচলের ব্যবস্থা করতে হবে।
মানববন্ধন থেকে হাতীবান্ধার গুরুত্বপূর্ণ সড়ক ও দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে দ্রুত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
মোঃ নজরুল ইসলাম 





























