দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং সার্বিক আর্থ-সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিরসনে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের জন্য রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৪ আগস্ট) রাষ্ট্রপতি বরাবর এ চিঠি পাঠানো হয়।
চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী ও সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে বলে জামায়াতের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে জামায়াত আমিরের চিঠি
চিঠিতে বলা হয়, বর্তমানে দেশজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট বিরাজ করছে। লাগামহীন লোডশেডিংয়ের ফলে একদিকে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, অন্যদিকে শিল্প-উৎপাদন ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রত্যক্ষ প্রভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, যা জনগণকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে জামায়াত আমিরের চিঠি
চিঠিতে আরও বলা হয়, জনগণের প্রতিনিধি হিসেবে এই সংকটকালে আমরা নীরব থাকতে পারি না। দেশের এই উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সংসদে অর্থবহ আলোচনা ও আশু সমাধান খোঁজা অত্যন্ত জরুরি।
দেশজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ আনুষঙ্গিক অন্যান্য সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে অবিলম্বে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বান করার জন্য রাষ্ট্রপতির প্রতি উদাত্ত আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।
অনলাইন ডেস্ক : 


























