ব্যস্ততা, দীর্ঘ ভ্রমণ কিংবা আশপাশে টয়লেট না থাকায় অনেক সময় প্রস্রাবের বেগ চেপে রাখতে হয়। জরুরি পরিস্থিতিতে এক ঘণ্টার মতো সময় প্রস্রাব আটকে রাখলে সুস্থ মানুষের সাধারণত বড় ধরনের ক্ষতি হয় না। তবে নিয়মিত দীর্ঘ সময় প্রস্রাব চেপে রাখার অভ্যাস মূত্রথলির স্বাভাবিক কার্যক্রমে সমস্যা তৈরি করতে পারে এবং কিছু ক্ষেত্রে ইউরিন ইনফেকশনের ঝুঁকিও বাড়াতে পারে।
প্রস্রাব আটকে রাখার অভ্যাস নিয়ে গবেষণাও হয়েছে। ২০২২ সালে বিএমসি ইনফেকশন ডিজিসেস জার্নালে প্রকাশিত ‘কম্পেহেনসিভ এসেসমেন্ট অব হোল্ডিং ইউরিন এস এ বিহেভিয়োরাল রিস্ক ফেক্টর ফর ইউটিআই ইন ওমেন অ্যান্ড রিজনস ফর ডেলাইডভোয়োডিং’ শীর্ষক গবেষণায় ৮১৬ জন নারীকে নিয়ে বিষয়টি পরীক্ষা করেন ভারতের পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের গবেষক এস জগতাপ, এস হরিকুমার, ভি বিনয়াগামূর্তি, এস মুখোপাধ্যায় ও এ ডংরে। গবেষণায় নিয়মিত প্রস্রাব বিলম্বিত করার সঙ্গে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সম্পর্ক পাওয়া যায়।
এক ঘণ্টা চেপে রাখলে কী হয়?
মূত্রথলি প্রস্রাব জমিয়ে রাখার অঙ্গ। এটি ভরতে থাকলে স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে সংকেত যায় এবং প্রস্রাবের তাগিদ তৈরি হয়। তখনও কেউ প্রস্রাব না করলে মূত্রথলিতে চাপ ও অস্বস্তি বাড়তে পারে। তবে এক ঘণ্টা প্রস্রাব চেপে রাখলেই মূত্রথলি বা কিডনি নষ্ট হয়ে যাবে- এমন প্রমাণ নেই। মূল ঝুঁকি দেখা দেয় যখন দীর্ঘ সময় ধরে নিয়মিত প্রস্রাবের তাগিদ উপেক্ষা করা হয়।
দীর্ঘদিন চেপে রাখলে মূত্রথলি বড় হতে পারে
প্রস্রাব ধরে রাখার দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে ‘জার্নাল অব পিডিআট্রিক ইউরিলোজি’তে প্রকাশিত ‘দি ব্লাডার অব ইউলফুল ইন ফ্রিকোয়েন্ট ভাইয়োডার: আন্ডার অ্যাক্টিভ অর আন্ডারইউলাইজ?’ গবেষণায় কেনেথ আই. গ্লাসবার্গ, অ্যান্ড্রু জে. কম্বস ও জেসন ভ্যান বাটাভিয়া ৫৫ শিশুর তথ্য বিশ্লেষণ করেন। তারা এমন একটি অবস্থার কথা উল্লেখ করেন, যেখানে দীর্ঘদিন বা বারবার ইচ্ছাকৃতভাবে প্রস্রাবের সময় পিছিয়ে দেওয়ার সঙ্গে মূত্রথলির ধারণক্ষমতা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার সম্পর্ক দেখা যায়। গবেষণাটি যুক্তরাষ্ট্রের স্টনি ব্রুক বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নেতৃত্বে করা হয়েছিল।
গবেষকদের পর্যবেক্ষণে ভরা হয়, দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখার অভ্যাসের সঙ্গে ইউরিনারি ট্র্যাক্টের উপসর্গ এবং ইউটিআইয়ের ইতিহাসও দেখা গেছে। ওই গবেষণায় অংশ নেওয়া শিশুদের প্রায় অর্ধেকের ইউটিআইয়ের ইতিহাস ছিল।
ইউরিন ইনফেকশনের ঝুঁকি বাড়ে?
এ বিষয়ে ২০২২ সালের জগতাপ ও সহগবেষকদের গবেষণাটি গুরুত্বপূর্ণ। ৮১৬ জন নারীকে নিয়ে করা গবেষণায় নিয়মিত প্রস্রাবের সময় পিছিয়ে দেওয়ার সঙ্গে ইউটিআইয়ের সম্পর্ক পাওয়া যায়। গবেষকরা দেখেছেন, টয়লেট ব্যবহারের সুযোগ বা পরিবেশগত সমস্যার কারণে অনেকেই প্রস্রাব আটকে রাখেন।
তবে এর অর্থ এই নয় যে একবার এক ঘণ্টা প্রস্রাব চেপে রাখলেই ইউটিআই হয়ে যাবে। ইউটিআইয়ের পেছনে আরও অনেক কারণ থাকতে পারে।
কিডনির ওপর চাপ পড়তে পারে কখন?
কিডনির ক্ষতির বিষয়টি মূলত দীর্ঘস্থায়ী ইউনারি রিটেনশন বা প্রস্রাব পুরোপুরি বের হতে না পারার সঙ্গে সম্পর্কিত। যুক্তরাষ্ট্রের জাতীয় ডায়াবেটিস, পরিপাক এবং কিডনি রোগ ইনস্টিটিউট বলছে, দীর্ঘস্থায়ী ইউনারি রিটেনশ-এর ক্ষেত্রে মূত্রথলি অতিরিক্ত প্রসারিত হয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি প্রস্রাব কিডনির দিকে ফিরে গিয়ে কিডনিতে চাপ সৃষ্টি করতে পারে। চিকিৎসা না হলে গুরুতর ক্ষেত্রে কিডনির ক্ষতিও হতে পারে।
এখানে গুরুত্বপূর্ণ পার্থক্য হলো- সাময়িকভাবে এক ঘণ্টা প্রস্রাব চেপে রাখা এবং দীর্ঘস্থায়ী চেপে রাখা এক বিষয় নয়।
মূত্রথলি কি ফেটে যেতে পারে?
প্রস্রাব চেপে রাখলেই মূত্রথলি ফেটে যাবে- এমন ধারণা ঠিক নয়। মূত্রথলি ফেটে যাওয়া বিরল ঘটনা এবং সাধারণত এর পেছনে আঘাত, প্রস্রাবের পথে বাধা বা গুরুতর শারীরিক সমস্যা থাকতে পারে।
তবে কেউ যদি প্রস্রাবের তীব্র চাপ থাকা সত্ত্বেও একেবারেই প্রস্রাব করতে না পারেন, বিশেষ করে তীব্র তলপেটের ব্যথা হলে, দ্রুত চিকিৎসা নেওয়া প্রয়োজন। যুক্তরাষ্ট্রের জাতীয় ডায়াবেটিস, পরিপাক এবং কিডনি রোগ ইনস্টিটিউট বলছে, মূত্রথলিতে কোন সমস্যা হলে দ্রুত মূত্রথলি খালি করার চিকিৎসা প্রয়োজন হতে পারে।
নিয়মিত প্রস্রাব চেপে রাখার অভ্যাস কেন বাদ দেবেন?
গবেষণাগুলো থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মাঝেমধ্যে জরুরি কারণে প্রস্রাব কিছু সময় আটকে রাখা আর নিয়মিত দীর্ঘ সময় আটকে রাখা এক নয়। নিয়মিত প্রস্রাবের বেগ উপেক্ষা করলে মূত্রথলির কার্যক্রমে পরিবর্তন, প্রস্রাব পুরোপুরি খালি না হওয়া এবং কিছু ক্ষেত্রে ইউটিআইয়ের ঝুঁকি তৈরি হতে পারে।
তাই এক ঘণ্টা প্রস্রাব চেপে রাখার ঘটনা নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। তবে প্রস্রাবের বেগ নিয়মিত উপেক্ষা করা উচিত নয়। সম্ভব হলে তাগিদ অনুভব করার পর সময়মতো টয়লেট ব্যবহার করাই মূত্রথলির স্বাস্থ্যের জন্য ভালো।
অনলাইন ডেস্ক : 






























