বরেণ্য অভিনেত্রী দিলারা জামানকে নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফটোকার্ড ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তি। সেখানে দাবি করা হয়েছে, বাবার কাছ থেকে পাওয়া জমিতে বাড়ি নির্মাণ করে পরে দেনা শোধের জন্য সেটি ভাড়া দিয়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু ভাড়াটের কাছ থেকে অর্থ না পেয়ে একপর্যায়ে বাড়িটিও হারাতে হয়েছে তাকে। বর্তমানে নাকি ছোট্ট একটি বাসায় ভাড়া থাকেন তিনি।
বিষয়টি নজরে আসার পর অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই তথ্যকে পুরোপুরি বিভ্রান্তিকর বলে জানিয়েছেন দিলারা জামান। তার সঙ্গে কথা বলে জানা গেছে, ফটোকার্ডে উল্লেখ করা ঘটনাটি ঘটেছিল ঠিকই, তবে সেটি প্রায় দুই যুগ আগের। আর বর্তমানে তিনি ভাড়া বাসায় নন, নিজের কেনা ফ্ল্যাটেই বসবাস করছেন।
দিলারা জামান সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য নিয়ে বিস্ময় প্রকাশ করেন। হাসতে হাসতে তিনি বলেন, ‘মানুষের মাথা কি নষ্ট হয়ে গেছে! একটু ভেবেচিন্তে, কথা বলে লিখলে তো ভালো হয়। ভালো কাজে যদি মস্তিষ্ক কাজে না লাগে, তাহলে কেমন লাগে! কী আর বলব।’
দিলারা জামান জানান, ঢাকার শ্যামলী এলাকার সঙ্গে তার দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক ছিল। ২০০৩–২০০৪ সালের দিকে সেখানে থাকা পৈতৃক বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেন তিনি। সে সময় বাড়িটি দখলের একটি পরিস্থিতি তৈরি হয়েছিল। বিষয়টি নিয়ে তখন সংবাদপত্রে প্রতিবেদনও প্রকাশিত হয়। পরে সংশ্লিষ্টদের মধ্যে বিষয়টি নিয়ে নড়াচড়া শুরু হলে বাড়ি দখলের সেই পরিস্থিতি আর এগোয়নি।
তবে পরবর্তী সময়ে শ্যামলীর সেই বাড়িটি আর নিজের কাছে রাখেননি এই অভিনেত্রী। পুরোনো সম্পত্তিটি বিক্রি করে দিয়ে ২০০৮ সালে পরিবার নিয়ে উত্তরায় চলে আসেন তিনি। নিজের বর্তমান আবাসন প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘ঢাকার শ্যামলীর সেই ঘটনা তো ২২–২৩ বছর আগের। সেই বাড়ি পরে বিক্রি করে দিই। ২০০৮ সালে আমি পরিবার নিয়ে উত্তরায় চলে আসি। এখানে ১৬০০ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনি। তার পর থেকে এখানেই থাকছি।’
দুই মেয়েই বর্তমানে দেশের বাইরে থাকেন। কাজের ফাঁকে মাঝেমধ্যে তাদের কাছে গেলেও এখন বিদেশে যাতায়াত আগের তুলনায় অনেক কমেছে বলে জানান দিলারা জামান। তার সময়ের বড় একটি অংশ এখনো অভিনয়কে ঘিরেই কাটে। তাই স্থায়ীভাবে দেশের বাইরে থাকার কোনো পরিকল্পনাও নেই তার। অভিনেত্রী বলেন, ‘এখন আর তেমন দেশের বাইরে যাওয়া হয় না। অভিনয় নিয়েই ব্যস্ততা, আর উত্তরার নিজের ফ্ল্যাটেই থাকি।’
তাহলে এত বছর পর হঠাৎ করে দুই দশকের বেশি পুরোনো একটি ঘটনা নতুন করে আলোচনায় এল কীভাবে—সে প্রশ্নের উত্তর খুঁজে পাননি দিলারা জামানও। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যটি যে তার বর্তমান পরিস্থিতির সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়, সেটিই স্পষ্ট করেছেন তিনি। এ প্রসঙ্গে তার প্রতিক্রিয়া, ‘হঠাৎ করে এই ধরনের আজগুবি তথ্য সামনে কীভাবে এল, নিজেই তো অবাক হয়ে গেলাম!’
ফলে দিলারা জামানের আর্থিক দুরাবস্থা কিংবা বর্তমানে ভাড়া বাসায় থাকার যে তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়েছে, সেটি সত্য নয়। বরং বহু বছর আগে ঘটে যাওয়া একটি পুরোনো ঘটনাকে বর্তমান সময়ের বলে উপস্থাপন করেই তৈরি হয়েছে এই বিভ্রান্তি।
অনলাইন ডেস্ক : 
































