‘তেরে বিন’ নাটকের মুরতাসিম চরিত্রে অভিনয় করে দক্ষিণ এশিয়ার দর্শকের কাছে ব্যাপক পরিচিতি পেয়েছেন পাকিস্তানি অভিনেতা ওহাজ আলী। এবার তিনি আসছেন বাংলাদেশে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজেই বাংলাদেশে আসার খবর জানিয়েছেন ওহাজ আলী।
কেন হঠাৎ তার এই সফর? বাংলাদেশি দর্শকদের উদ্দেশে তিনি বলেন, খুব শিগগিরই ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’ আয়োজনে তিনি অংশ নেবেন। সেখানে ভক্তদের সঙ্গে দেখা করার পাশাপাশি একসঙ্গে সময় কাটানোর জন্য তিনি মুখিয়ে আছেন।
ভিডিও বার্তায় ওহাজ বলেন, ‘হ্যালো বাংলাদেশ, আমি ওহাজ। খুব শিগগিরই অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’ নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। আপনাদের সবার সঙ্গে দেখা করতে, একসঙ্গে কিছুটা সময় কাটাতে এবং দারুণ কিছু স্মৃতি তৈরি করতে আর অপেক্ষা করতে পারছি না।’
তিনি আরও বলেন, ‘তাহলে দেখা হচ্ছে ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’-এ, ইউনাইটেড কনভেনশন সেন্টারে। সেখানে আপনাদের সবার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় আছি। ততক্ষণ পর্যন্ত সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন।’
আগামী ২ ও ৩ অক্টোবর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি মূলত একটি প্রদর্শনী। এর সমাপনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওহাজ আলী।
আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, ওহাজ আলী ব্যক্তিগত অতিথি হিসেবে অনুষ্ঠানে আসছেন। যারা আয়োজনে নির্দিষ্ট পরিমাণ খরচ করবেন, তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে কয়েকজন বিজয়ী নির্বাচিত করা হবে। তারা ওহাজ আলীর সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পাবেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘১০০ জনকে ১৫ হাজার টাকা করে দিতে হবে’ এমন কিছু তথ্য ছড়িয়ে পড়েছে। তবে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের তথ্য সম্পর্কে তারা অবগত নয়। তাদের ভাষ্য, অনুষ্ঠানের মূল আয়োজন হলো প্রদর্শনী এবং এর সমাপনী পর্বে ওহাজ আলীর উপস্থিতি।
পাকিস্তানের টেলিভিশন নাটকের পরিচিত মুখ ওহাজ আলী। ২০১৫ সালে ‘ইশক ইবাদত’ নাটকের মাধ্যমে প্রধান অভিনেতা হিসেবে অভিনয়ে অভিষেক হয় তার। এরপর ‘হারি হারি চুড়িয়াঁ’, ‘দিল নওয়াজ’, ‘মাহ-এ-তামাম’, ‘দিল-এ-বেরহাম’, ‘ভরাম’, ‘ফিতুর’ ও ‘ইশক জালেবি’সহ বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি।
বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেও দর্শকের নজর কেড়েছেন ওহাজ। ২০২১ সালে ঐতিহাসিক নাটক ‘জো বিচর গয়ে’-তে বাংলাদেশের মুক্তিযোদ্ধা শাফি ইমাম রুমির চরিত্রে অভিনয় করেন তিনি। চরিত্রটি দর্শক ও সমালোচকদের মধ্যে বেশ সাড়া ফেলে।
তবে ওহাজ আলীর ক্যারিয়ারে বড় পরিবর্তন আসে ‘তেরে বিন’ নাটকের মাধ্যমে। ২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রচার শুরু হওয়া নাটকটির প্রথম মৌসুম শেষ হয় ২০২৩ সালের ৬ জুলাই। এতে মুরতাসিম খান চরিত্রে অভিনয় করেন ওহাজ আলী। তার বিপরীতে মীরব চরিত্রে ছিলেন ইয়ুমনা জায়েদি।
মীরব ও মুরতাসিমের প্রেম, সম্পর্কের টানাপোড়েন ও দ্বন্দ্বের গল্প নিয়ে নির্মিত ‘তেরে বিন’ পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ ও ভারতেও ব্যাপক জনপ্রিয়তা পায়। এই নাটকের মুরতাসিম চরিত্রের মাধ্যমে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দর্শকদের কাছেও ব্যাপক পরিচিত হয়ে ওঠেন ওহাজ আলী।
এবার সেই জনপ্রিয় মুরতাসিমই আসছেন বাংলাদেশে। ফলে প্রিয় তারকাকে কাছ থেকে দেখার সুযোগ পাওয়ার অপেক্ষায় রয়েছেন তার বাংলাদেশি ভক্তরা।
বিনোদন ডেস্ক 






















